একটা ফুটবল, একজোড়া বুট আর গোল করার অদম্য নেশা-এই তিন জিনিস দিয়েই বিশ্বজয় করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো! কিন্তু সময়ের সঙ্গে তার পরিচয় বদলেছে। এখন তিনি শুধু গোলমেশিন নন, নিজেই একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তার নামেই বিক্রি হয় পোশাক, সুগন্ধি; তার বিনিয়োগে চলছে হোটেল, জিম ও স্বাস্থ্যপ্রতিষ্ঠান। এমনকি প্রযুক্তি প্রতিষ্ঠানেও রয়েছে তার অর্থ। ফুটবল মাঠে প্রতিপক্ষকে হারানোর পাশাপাশি অর্থনীতির মাঠেও যে নিজের অবস্থান শক্ত করেছেন পর্তুগিজ মহাতারকা, তার সম্পদের গল্পই তার প্রমাণ!
৪১ বছর বয়সে পর্তুগাল জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন রোনালদো। ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে বিদায় নিচ্ছেন তিনি। তবে ক্লাব ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না। সৌদি আরবের আল নাসরের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। আর মাঠের বাইরের সাম্রাজ্যটি তো রয়েছেই।
ফোর্বসের ২০২৬ সালের হিসাব অনুযায়ী, রোনালদোর আনুমানিক সম্পদের পরিমাণ ১২০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৬৪০ কোটি টাকা। ক্যারিয়ারজুড়ে তার মোট আয় ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। এই বিপুল অর্থের বড় অংশ এসেছে ফুটবল থেকে। তবে বাকি অংশের পেছনে রয়েছে তার ব্যবসায়িক বুদ্ধি।
রোনালদোর ব্যবসায়িক পরিচয়ের সবচেয়ে বড় নাম ‘সিআরসেভেন’। নিজের নামের আদ্যক্ষর ও জার্সি নম্বর মিলিয়ে তৈরি এই ব্র্যান্ডের অধীনে রয়েছে পোশাক, অন্তর্বাস, জুতা, চশমা ও সুগন্ধি। তার নামটাই এখন একটি পণ্য। ভক্তরা শুধু তার খেলা দেখেন না, ব্যবহার করেন ব্র্যান্ডের পণ্যও।
ফুটবলের বাইরের সবচেয়ে দৃশ্যমান বিনিয়োগ হোটেল ব্যবসায়। পর্তুগালের পেস্তানা গ্রুপের সঙ্গে অংশীদারত্বে গড়ে তুলেছেন ‘পেস্তানা সিআর৭ লাইফস্টাইল হোটেলস’। মাদেইরা থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন লিসবন, মাদ্রিদ, নিউইয়র্ক ও মারাকেশে বিস্তৃত। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পর্যটন ব্যবসায়ও তৈরি করেছেন আলাদা অবস্থান।
চুলের পরিচর্যার ব্যবসাতেও যুক্ত রোনালদো। ২০১৯ সালে ‘ইনস্পারিয়া’ নামের হেয়ার ট্রান্সপ্লান্ট প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা হন তিনি। ইউরোপের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। নিজের চেহারা ও ফিটনেস নিয়ে সচেতনতা থেকেই এ খাতে ব্যবসার সম্ভাবনা দেখেছেন তিনি।
শুধু পুরোনো ব্যবসায় নয়, ভবিষ্যতের বাজারেও চোখ তার। স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক অ্যাপ ‘এরাকুলিস’ চালুর পাশাপাশি স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘হুপ’-এ বিনিয়োগ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ প্ল্যাটফর্ম ‘পেরপেলিক্সি’-তেও রয়েছে তার বিনিয়োগ। অন্যদিকে ‘সিআর৭ ক্রাঞ্চ ফিটনেস’ নামে জিম ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি।
এবার ফুটবল ক্লাবের মালিকানাতেও যুক্ত হয়েছেন তিনি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন। খেলোয়াড়ি জীবন শেষ হলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা নেই তার।
স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে আল নাসর-দীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর ও অসংখ্য শিরোপা জিতেছেন তিনি।


























