স্বামীর ৪০তম জন্মদিনে ভালোবাসায় ভরা বিশেষ বার্তা দিলেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালা। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে স্বামী নাগা চৈতন্যকে ‘লাভার’ বলে সম্বোধন করেছেন তিনি। আর অভিনেত্রীর এই ছোট্ট বার্তাই নজর কেড়েছে ভক্তদের।
২৩ নভেম্বর নাগা চৈতন্যের ৪০তম জন্মদিন উপলক্ষে ছবিগুলো পোস্ট করেন শোভিতা। ক্যাপশনে মাত্র তিনটি শব্দ লিখেছেন তিনি—‘হ্যাপি বার্থডে লাভার’। ছবিগুলোর একটিতে দেখা যায়, একান্ত মুহূর্তে সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি। অন্য একটি ছবিতে ম্যাজিক মিররের সামনে মজার ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় নাগা চৈতন্যকে।
A post shared by Sobhita Dhulipala (@sobhitad)
২০২৪ সালের ৮ আগস্ট বাগদান সারেন নাগা চৈতন্য ও শোভিতা। একই বছরের ডিসেম্বরে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে ঐতিহ্যবাহী তেলুগু রীতিতে বিয়ে করেন তাঁরা।
তবে বিয়ের পরপরই দুজনকে ব্যস্ত থাকতে হয়েছে নিজেদের কাজ নিয়ে। ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শোভিতা জানান, বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তাঁকে তামিলনাড়ুতে শুটিংয়ের জন্য যেতে সেখানে ১৫০ দিনেরও বেশি সময় কাটান তিনি। এমনকি বিয়ের প্রথম বছরে মাসে একবারের মতো দেখা হতো তাঁদের।
শোভিতার ভাষায়, দূরে থেকেও সম্পর্কের বন্ধন অটুট রাখতে দুজনই প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দেন। সময়ের সঙ্গে নিজেদের দাম্পত্য জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তাঁরা।
সম্পর্ক নিয়ে মানুষের নানা মন্তব্য প্রসঙ্গেও নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, সমাজের আলোচনা আবহাওয়ার মতো, যা পরিবর্তিত হয়। তাই বাইরের কথায় প্রভাবিত না হয়ে নিজের অবস্থানে স্থির থাকা জরুরি।
কাজের দিক থেকে শোভিতাকে সর্বশেষ দেখা গেছে অ্যামাজন প্রাইমের অরিজিনাল সিরিজ ‘চীকাটিলো’-তে। অন্যদিকে, জন্মদিনে স্ত্রীর এমন ভালোবাসামাখা শুভেচ্ছা ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
























