চট্টগ্রামের ফটিকছড়ির পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্য থেকে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাবেদ, মো. সম্রাট, মো. রাশেদ, মোহাম্মদ আবু, জিহান উদ্দীন, মো. সুমন ওরফে সিসিলেন এবং লিলু আক্তার। তাঁদের মধ্যে জাবেদ এ মামলার প্রধান আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুরে পঞ্চবটি চা বাগানের ভেতরে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এ সময় চা বাগানের সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা শ্রমিকদের বেতনের টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশের ধারাবাহিক অভিযানে বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয় এবং প্রধান আসামির স্ত্রীর দেওয়া তথ্যমতে বসতঘরের সিলিংয়ের ওপর থেকে লুকানো টাকা উদ্ধার করা হয়।























