দেশের বাজারে অব্যাহত পতনের মুখে রয়েছে সোনার বাজার। হু হু করে কমছে মূল্যবান এই ধাতুর দাম। এই ধারাবাহিকতায় শনিবার (২১ নভেম্বর) আরও এক দফায় বড় পতন ঘটেছে সোনার দামে। এবারের দরপতনের ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমেছে ৬ হাজার ১৮২ টাকা। এর মাধ্যমে মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ১৪৬ টাকা দাম কমল।
সব মিলিয়ে টানা ৯ বার দাম কমার ফলে দীর্ঘ প্রায় ১৩ মাস পর আবারও দুই লাখ টাকার নিচে নেমে এসেছে সোনার ভরি। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ মিলছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে সোনার এই নতুন দর কার্যকর হয়েছে।
এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দেশের বাজারে সোনার নতুন দর নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।
এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
সবশেষ এই দাম নির্ধারণের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার সোনার দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

























