টানা দুই দিনের বৃষ্টির প্রভাবে কিছুটা উন্নতি হয়েছে রাজধানী ঢাকার বায়ুদূষণের। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান এখন ১৭তম। এই স্কোর অনুযায়ী বর্তমান বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৪৮১ বা ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (২৩১), তৃতীয় অবস্থানে মিশরের কায়রো (২১০), চতুর্থ অবস্থানে আফগানিস্তানের কাবুল (১৮৪) এবং পঞ্চম অবস্থানে রয়েছে ডিআর কঙ্গোর কিনশাসা (১৭৯)।
বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া এবং ধুলাবালি ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ। এ ধরনের দূষণ রোধে কার্যকর পদক্ষেপ না নিলে নগরবাসীর শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে।






















