রাজধানীজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মিরপুর বিভাগে ১০৩ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, উত্তরা বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ৫০ জন, গুলশান বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন এবং রমনা বিভাগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ ২টি হাত বোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, একটি রাম দা, একটি অটোরিকশা, ১১১টি মোবাইল, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা ও ৫ বোতল দেশীয় মদ জব্দ করেছে। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















