শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তরুণ প্রজন্মকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে শিক্ষা খাতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। বর্তমানে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকলেও, প্রধানমন্ত্রী ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ জনমিতিক সুবিধায় এগিয়ে থাকা একটি দেশ। ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ আমাদের প্রধান শক্তি। এই বিপুল জনগোষ্ঠীকে উচ্চশিক্ষা ও কারিগরি দক্ষতা প্রদানের মাধ্যমে প্রকৃত সম্পদে রূপান্তর করাই বর্তমান সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর। শ্রেণিকক্ষগুলোকে তথ্যপ্রযুক্তিনির্ভর করার পাশাপাশি এআই খাতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করতে হবে যারা বিশ্বনেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আইএইউপি ও ইউরাস-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















