হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মার্তিসাঁ এলাকায় পুলিশের এক সাঁড়াশি অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকাটি গ্যাং সদস্যদের কবজায় থাকায় জনজীবন বিপর্যস্ত ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।
পুলিশের ভাষ্যমতে, গ্যাংবিরোধী বিশেষ বাহিনীর সঙ্গে এই অভিযানে বেসরকারি নিরাপত্তা সংস্থা ভেক্টাস গ্লোবালের সদস্যরাও অংশ নিয়েছেন। হাইতির বিভিন্ন অঞ্চলে গ্যাংগুলোর আধিপত্য কমাতে জাতিসংঘের সমর্থনপুষ্ট একটি বাহিনীও তৎপরতা জোরদার করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হাইতির জাতীয় পুলিশ সাঁজোয়া যান ব্যবহারের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরিচালিত এই অভিযানে ভেক্টাস গ্লোবালের সদস্যরাও যুক্ত ছিলেন। উল্লেখ্য, এই নিরাপত্তা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স, যিনি ব্ল্যাকওয়াটারেরও প্রতিষ্ঠাতা।
মার্তিসাঁ এলাকাটি রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে হাইতির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের প্রধান সড়ক হিসেবে পরিচিত। ২০২১ সালে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে সংঘর্ষ শুরুর আগে এই সড়কটি ছিল হাজারো মানুষের যাতায়াতের প্রধান পথ।

























