আদালতে মামলার চাপ কমানো এবং বিচারপ্রার্থীদের সহজে ন্যায়বিচার দেওয়ার লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সরকার এ অধিকার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে দ্রুত ও শান্তিপূর্ণ সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইনমন্ত্রী উল্লেখ করেন, প্রথাগত দীর্ঘমেয়াদি মামলা-মোকদ্দমা সাধারণ পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষের ওপর ব্যাপক আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করে। দক্ষ মধ্যস্থতাকারী ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মের মাধ্যমে পারিবারিক ও দেওয়ানি বিরোধের একটি বড় অংশ শুরুতেই নিষ্পত্তি করা সম্ভব। এতে নতুন মামলার হার কমার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমবে।
পাইলট প্রকল্পের সাফল্যকে স্থায়ী রূপ দিতে সব ধরনের নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস দিয়ে তিনি জাপান সরকার ও জাইকার অব্যাহত কারিগরি সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ‘অ্যাকসেস টু জাস্টিস’ প্রকল্পের পরিচালক মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে সম্মেলনে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























