রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গত ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, ঘটনার দিন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারীকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করা হয় এবং তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়। এ সময় মুফতি রুহুল আমিনের নির্দেশে লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করা হয়।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন এবং অভিযোগ অস্বীকার করেন। এর আগে বুধবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একটি গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আগের একটি মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

























