জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এই আবেদন জানান তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় সাদিকুল ইসলাম নিহত হন। নুরুল ইসলাম নাহিদের প্রত্যক্ষ মদদ ও নির্দেশনায় এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, বুধবার দিবাগত রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে আরও ১৪টি মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।

























