দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ২১ বছর বয়সী এক মা। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির। তিনি জানান, দিনাজপুর সদর উপজেলার রানীপুকুর গ্রামের ওই নারী সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে সন্তান রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে মায়ের নাম প্রকাশ করা হয়নি।
হাসপাতাল পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া চার নবজাতকই সুস্থ রয়েছে। একই সঙ্গে মা-ও ভালো আছেন। চারটি নবজাতকের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সন্তুষ্ট। মা ও সন্তানদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি নবজাতকদের সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চাই।
মায়ের নাম প্রকাশ না করার বিষয়ে জানতে চাইলে হাসপাতাল পরিচালক বলেন, নাম প্রকাশ না করার বিশেষ কোনো কারণ তিনি দেখছেন না। একসময় বিষয়টি সবাই জানতে পারবেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, চার নবজাতক সুস্থভাবে বেড়ে উঠবে। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।
একসঙ্গে চার সন্তানের জন্মের খবরে পরিবারটির মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি ব্যতিক্রমী এ ঘটনায় দিনাজপুর জুড়েও ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়েছে। মা ও চার নবজাতকের সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের সুস্থতা, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন সবাই।


























