রংপুরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে মুলাটোল কামিল মাদ্রাসা লেন ওয়েলফেয়ার সোসাইটি।
বুধবার (১৮ নভেম্বর) নগরীর মুলাটোল কামিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী আয়োজিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মইনুল হোসেন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মেডিসিন, গাইনি, শিশু ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়াও স্বাস্থ্যসেবা ক্যাম্পে গর্ভবতী নারীদের জন্য আল্ট্রাসনোগ্রামের বিশেষ ব্যবস্থাও করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, স্থানীয় সাধারণ মানুষের কল্যাণে মুলাটোল কামিল মাদ্রাসা লেন ওয়েলফেয়ার সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হলো।
তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো অনেক সময় আর্থিক সংকট ও দূরত্বের কারণে চিকিৎসকদের কাছে যেতে পারেন না। সেই বিষয়গুলো গুরুত্ব দিয়েই এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গঠনেও সংগঠনটি নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
আগামী দিনগুলোতেও সংগঠনের উদ্যোগে জনকল্যাণমূলক উন্নয়ন, সেবা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।


























