ব্রাজিলের আমাজন বনের গহিন থেকে হঠাৎ করেই লোকালয়ে বেরিয়ে এসেছেন একদল আদিবাসী, যাদের সংখ্যা প্রায় ২০ জন। দীর্ঘদিন ধরে বাইরের জগত ও মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা আওয়া জনগোষ্ঠীর এই সদস্যরা মূলত খাবার চাইতেই লোকালয়ে এসেছিলেন। স্থানীয় একটি গ্রামের মানুষের কাছ থেকে খাবার সংগ্রহ করে তারা আবার গভীর বনের ভেতরে ফিরে যান। বিরল এই ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই এই জনগোষ্ঠীর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে, অবৈধভাবে বন উজাড়কারী, শিকারি এবং গবাদিপশুর খামারিদের ক্রমাগত অনুপ্রবেশে তাদের বসবাসের বনভূমি দিন দিন ছোট হয়ে আসছে। আওয়ারা মূলত উত্তর-পশ্চিম মারানিয়াও অঞ্চলের টুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর আদিবাসী, যাদের একটি অংশ এখনো বাইরের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ না করেই স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করেন। ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ঘটনার বিস্তারিত বিবরণ তারা পর্যালোচনা করছে; তবে বিচ্ছিন্নভাবে বসবাস করা এই জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কোনো উদ্যোগ সরকারের নেই, কারণ বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলাই এ ক্ষেত্রে ব্রাজিল সরকারের নীতি।
ঘটনাটি সংঘটিত হয়েছে আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের একটি সরকারি প্রবেশ নিয়ন্ত্রণকেন্দ্রের ঠিক কাছে, যার পাশেই অবস্থিত তাওয়ারি নামের এক গ্রাম, যেখানে গুয়াজাজারা আদিবাসী জনগোষ্ঠী বসবাস করেন। গুয়াজাজারাদের কয়েকজনের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বনের কিনারায় একদল নারী, পুরুষ ও শিশু দাঁড়িয়ে আছেন। গাছপালার আড়ালে তাদের শরীরের কিছু অংশ ঢাকা, গলায় মালা, মাথায় পালকের মুকুট এবং পুরুষদের হাতে ধনুক ও লম্বা তীর রয়েছে। সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠীর সদস্যরা গ্রামবাসীদের কাছে ইয়াম বা কন্দজাতীয় খাবার চেয়েছিলেন এবং স্থানীয় লোকজন তাদের খাবার দিলে তা নিয়ে তারা আবার বনের ভেতরে ফিরে যান। সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে যে, আমাজনের বনরক্ষক হিসেবে পরিচিত ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামের একটি আদিবাসী সংগঠনের অনুরোধেই তারা এই ভিডিওগুলো প্রকাশ করেছে। এই সংগঠনটি নিজেদের ভূখণ্ডে অবৈধ কাঠুরে ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আওয়া জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপন মূলত শিকার ও বন থেকে খাবার সংগ্রহের ওপর নির্ভরশীল হলেও সাম্প্রতিক দশকগুলোতে আমাজনের অন্যান্য বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মতো তারাও অবৈধ খনন, গাছ কাটা, শিকার এবং গবাদিপশুর খামার সম্প্রসারণের প্রবল চাপে পড়েছেন। সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন আওয়ারা তাদের ভূখণ্ডের চারদিক থেকে অনুপ্রবেশকারীদের চাপে রয়েছে এবং ধ্বংসযজ্ঞে ঘেরা আমাজন বনের ক্রমেই ছোট হয়ে আসা একটি অংশে তারা আটকে পড়ছে। সংগঠনটির আগের এক হিসাব অনুযায়ী, প্রায় ১০০ জন আওয়া এখনো বিচ্ছিন্নভাবে বসবাস করছেন, যদিও এটি তাদের বর্তমান জনসংখ্যার কোনো নিশ্চিত হিসাব নয়; বরং আওয়া জনগোষ্ঠীর অন্য সদস্যরা বিভিন্ন গ্রামে বসবাস করেন এবং বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। বিচ্ছিন্ন আদিবাসীদের জন্য বাইরের মানুষের সংস্পর্শ প্রাণঘাতীও হতে পারে, কারণ বাইরের মানুষের মধ্যে প্রচলিত বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে তাদের শরীরে পর্যাপ্ত প্রতিরোধক্ষমতা না থাকায় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। এর এক ভয়াবহ উদাহরণ হলো কলম্বিয়ার নুকাক জনগোষ্ঠী, যাদের প্রায় ৪০ শতাংশ ১৯৮০-এর দশকে বাইরের মানুষের সংস্পর্শে আসার পর রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। মারানিয়াও অঞ্চলের আদিবাসী সংগঠন কোয়াপিমাও এ ঘটনায় সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে অপরিকল্পিত যোগাযোগ তাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে সংক্রামক রোগের বিস্তার তাদের জীবন ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। কোয়াপিমা আরও জানিয়েছে যে, গ্রামবাসীরা আওয়া জনগোষ্ঠীর কয়েকজন সদস্যের শারীরিক অবস্থা দেখে গভীরভাবে উদ্বিগ্ন হয়েছেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে অতিরিক্ত শীর্ণতার লক্ষণ তাদের নজরে এসেছে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের হিসাবে, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে মোট ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, যার প্রায় ৯৫ শতাংশের বসবাস আমাজন অঞ্চলে এবং এর মধ্যে ১২৪টি জনগোষ্ঠী রয়েছে কেবল ব্রাজিলেই। আওয়ারা যে আরারিবোইয়া অঞ্চলে বসবাস করে, সেখানে গুয়াজাজারা জনগোষ্ঠীর বনরক্ষকেরাও দীর্ঘদিন ধরে নিজেদের ভূখণ্ড রক্ষায় কাজ করছেন, এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বাধা দিতে গিয়ে তাদের অনেককে সহিংসতার মুখে পড়তে হয়েছে; এমনকি এই সম্প্রদায়ের কয়েকজন সদস্য হত্যার শিকারও হয়েছেন বলে জানিয়েছেন সারভাইভাল ইন্টারন্যাশনালের সারাহ শেনকার। তাঁর মতে, আদিবাসীদের ভূখণ্ড রক্ষার চূড়ান্ত দায়িত্ব ব্রাজিল সরকারের। শেনকারের ভাষায়, তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হলো অনুপ্রবেশকারীদের চিরতরে বন থেকে দূরে রাখা। বিরল এই ভিডিও প্রকাশের পর মানুষের মধ্যে আগ্রহ তৈরি হলেও শেনকার মনে করেন, আওয়াদের এভাবে লোকচক্ষুর সামনে আসতে না হলেই ভালো হতো; তারা নিজেদের পছন্দমতো বনের ভেতরে নিরাপদে থাকবেন, শিকার করবেন, মাছ ধরবেন, বন থেকে খাবার সংগ্রহ করবেন এবং বেঁচে থাকবেন নিজেদের মতো করে—এটাই কাম্য।

























