উপমহাদেশের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে ‘পঞ্চায়েত’ অন্যতম। দীপক কুমার মিশ্র পরিচালিত এই কমেডি সিরিজটি বাংলাদেশেও বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে। ইতোপূর্বে মুক্তি পাওয়া চারটি সিজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিরিজটির পঞ্চম সিজন।
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্মাতারা জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘পঞ্চায়েত ৫’। বুধবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
সিরিজের নতুন সিজনের পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘কিছু লড়াই, কিছু প্রেম থাকবে, আর ফুলেরা গ্রাম আপনাদের অপেক্ষায় থাকবে।’ গত সিজনের শেষটা হয়েছিল ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচন দিয়ে, যেখানে জয়ী হয়ে গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছেন ভূষণ কুমার (বনরাকাস) ও তার স্ত্রী ক্রান্তি দেবী। নতুন সিজনে তাদের দাপট এবং পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠির সঙ্গে তাদের দ্বন্দ্ব ও টানাপোড়েন মূল উপজীব্য হয়ে উঠবে। এছাড়া অভিষেক ও রিঙ্কির প্রেমের গল্পও নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।
বরাবরের মতোই প্রধান চরিত্রগুলোতে থাকছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, অশোক পাঠক ও সুনিতা রাজওয়ার। সিরিজটি প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার।

























