ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন। এ দেশের জনগণ আপনাদের দেশ থেকে বিতাড়িত করেছেন। নিষিদ্ধ সংগঠনের আস্ফালন এ দেশের জনগণ সহ্য করবে না। রাতের আঁধারে দু-চারটা পটকা ফুটিয়ে এ দেশে ফিরে আসতে পারবেন না, রাজনীতি করা তো দূরের কথা।’
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ আছে এবং থাকবে, ইনশাআল্লাহ। একটি বিশেষ দলের নেতাকর্মীদের ওপর কোনো হামলা হচ্ছে না, তারাও চুপচাপ—এটিও চিন্তার বিষয়। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং অনেক শহীদের রক্তের বিনিময়ে এ দেশে গণতন্ত্র ফিরে এসেছে।
তিনি আরও বলেন, কোনো প্রতিবেশী দেশের তাবেদারি এ দেশের জনগণ আর কখনো মেনে নেবে না। বিএনপি এ দেশের জনমানুষের দল। এ সময় যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধও জানান।
সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। পলাতক ফ্যাসিস্টের জন্য ডিসেম্বর বিজয়ের মাস নয়। বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে আগুন-সন্ত্রাস রুখে দিতে হবে।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বিএনপি রাজনীতি করে মা, মাটি ও মানুষের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করেননি। দলের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর নির্বাসিত থেকেও কখনো আপস করেননি। তাঁরা সেই নেতার কর্মী। তাই ঐক্যবদ্ধ থেকে গুপ্ত রাজনৈতিক শক্তিকে প্রতিহত করতে হবে। আগুন-সন্ত্রাস প্রতিহত করতে চট্টগ্রাম মহানগর যুবদল রাজপথে থাকবে।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সমাবেশে মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
























