ঢাকার শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফিজিবিলিটি স্টাডি করে দ্রুত জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশের সব উপজেলা হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
বুধবার (১৮ নভেম্বর) ডেপুটি স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এর আগে সংসদ সদস্য জয়নাল আবেদীন তার নির্বাচনী এলাকার চিকিৎসা সংকট তুলে ধরে প্রশ্ন উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, ঢাকা-৪ আসনে প্রায় ১০ লাখ মানুষের বসবাস, যার অধিকাংশই নিম্ন আয়ের এবং শ্রমজীবী। ওই এলাকায় কোনো সরকারি হাসপাতাল না থাকায় তিনি একটি আধুনিক সরকারি হাসপাতাল স্থাপনের জোরালো দাবি জানান।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে শুধু নতুন হাসপাতাল নির্মাণ বা শয্যা সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়, বরং আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং পরিচালনা ব্যয়সহ আনুষঙ্গিক বিষয়গুলো বিবেচনা করতে হয়।
তিনি আরও জানান, আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া দেশের ঘনবসতিপূর্ণ ও শ্রমজীবী অধ্যুষিত ছয়টি এলাকায় ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে এবং শ্যামপুরের বিষয়টি অত্যন্ত দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে অতীতে ধ্বংস করে মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক সংকটের মধ্যেও সারাদেশে প্রায় সাড়ে তিন হাজার নতুন বেড সংযোজন করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে সব উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় রূপান্তরের কাজ পুরোপুরি বাস্তবায়ন করা হবে।





















