দুই দশক আগে প্রকাশিত জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কনসার্টের দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত তারিখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না।
আগামী ২০ নভেম্বর শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে কনসার্টটি হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ নভেম্বর শুক্রবার এই আয়োজন অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই সংগীতানুষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন তারিখের বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টিজ কমিউনিকেশন্স।
আয়োজকরা জানান, এই বিশেষ আয়োজনে অর্ণব তার শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে ‘হোক কলরব’ ও ‘তোমার জন্য’সহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করবেন। তার সঙ্গে একই মঞ্চে আরও গান গাইবেন আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক।
কনসার্ট প্রসঙ্গে শিল্পী অর্ণব বলেন, দুই দশক আগের অ্যালবামের গান আজও শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের। এই আয়োজনের মাধ্যমে পুরোনো গানগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি শ্রোতাদের সঙ্গে একটি চমৎকার সময় কাটাতে চান তিনি। ২০০৬ সালে প্রকাশিত ‘হোক কলরব’ অ্যালবামটি বাংলা গানের ভুবনে এক অনন্য মাইলফলক সৃষ্টি করেছিল।

























