দলীয় কর্মসূচিগুলোকে প্রাণবন্ত করতে সমস্ত শক্তি নিয়ে আগামী ডিসেম্বরে রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং তাদের মধ্যে ফ্যাসিস্ট সরকারের নানা লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। এ জাতি অতীতে বহুবার নানা অপশক্তির হাতে নির্যাতিত হয়েছে, কিন্তু প্রতিবারই সেই সমস্ত শক্তিকে পরাস্ত করে বীরদর্পে ঘুরে দাঁড়িয়েছে।
জুলাই অভ্যুত্থান নিয়ে দেশের সাধারণ মানুষের মনে অনেক উচ্চাশা থাকলেও বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের মূল পথ থেকে সরে গেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
এ সময় স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো ধরনের কারচুপি বা অনিয়ম প্রতিহত করতে নেতাকর্মীদের যথেষ্ট শক্তি সঞ্চয় ও সর্বদাই সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে তিনি অভিযোগ করেন যে, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে চরম ষড়যন্ত্র চলছে এবং চর দখলের মতো জোরপূর্বক বিভিন্ন প্রতিষ্ঠানে ভিসি ও প্রিন্সিপাল বসিয়ে দেওয়া হচ্ছে।


























