ভারতের কেরালায় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। আগামী ১১ ডিসেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলা এই উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সেরা ১৪টি সিনেমার সঙ্গে লড়বে এই চলচ্চিত্র। বিজয়ী সিনেমা পাবে ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
এবারের উৎসবে ভারতের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, ব্রাজিলিয়ান নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’ এবং ফিলিপাইনের নির্মাতা লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’-এর মতো আন্তর্জাতিকভাবে সমাদৃত সিনেমাগুলোও প্রদর্শিত হবে।
কবি জীবনানন্দ দাশের জীবন ও তার কালজয়ী কবিতা ‘বনলতা সেন’-এর প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি। নির্মাতা উজ্জ্বল বলেন, এই উৎসবের মাধ্যমে সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে তার যাত্রা শুরু করতে যাচ্ছে, যা আমাদের জন্য গৌরবের।
























