ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়ায় গ্রামে প্রায় ৬০ বছরের ঐতিহ্য ধরে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মেজবান। নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ মেজবানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছেন।
স্থানীয় জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ত্রিশালসহ আশপাশের উপজেলা ও দূর-দূরান্ত থেকে অতিথিরা যোগ দেন। খাবারের মেন্যুতে ছিল সাদা ভাত, গরুর মাংস ও লাউ দিয়ে রান্না করা মাসকলাইয়ের ডাল। আয়োজক নুরুদ্দীন খান জানান, পূর্বপুরুষদের হাত ধরে শুরু হওয়া এই আয়োজনটি সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক আকার ধারণ করেছে। এ বছর প্রায় ৩৬ মণ চাল ও সমপরিমাণ ডাল রান্না করা হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এই ভোজ। আয়োজনের তদারকিতে থাকা দেলোয়ার হোসেন খান জানান, স্থানীয় প্রায় ২০০ থেকে ৩০০ জন স্বেচ্ছাসেবক ও তরুণ এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে নিরলসভাবে কাজ করেছেন। গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজনটি কেবল একটি ভোজ নয়, বরং সম্প্রীতির এক অনন্য উৎসবে পরিণত হয়েছে।






















