স্ট্রিমিং প্ল্যাটফর্মের আধিপত্যের যুগে নস্টালজিয়া ফিরিয়ে আনতে নতুন অ্যালবাম ‘বোকা’ নিয়ে এলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এই অ্যালবামের বিশেষত্ব হলো, ডিজিটাল ভার্সনের পাশাপাশি এটি ক্যাসেট ও সিডি ফরম্যাটেও পাওয়া যাচ্ছে।
রাজধানীর গুলশানে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, সংগীতশিল্পী হামিন আহমেদ এবং শিল্পীর মা শাহরিয়া আখতার বুলু। জয় শাহরিয়ার জানান, সাত বছর পর নিজের এই নতুন অ্যালবামটি নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।
আটটি গান নিয়ে সাজানো অ্যালবামটি আজব রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে। শিল্পী জানান, ফিজিক্যাল অ্যালবামের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া এবং বিশ্বজুড়ে সিডি-ভাইনালের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অ্যালবামটি স্পটিফাই, আইটিউন্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।


























