ডায়াবেটিস নতুন কোনো রোগ নয়। প্রাচীন মিশরের প্যাপিরাসে, গ্রিক চিকিৎসক আরেতাইয়াসের লেখায় এবং ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে ‘মধুমেহ’ নামে এর বর্ণনা পাওয়া যায়; শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল এক রহস্যময় ও মৃত্যুদায়ী ব্যাধি, যার কারণ অজানা ছিল এবং চিকিৎসা ছিল কেবল উপসর্গের ওপর নির্ভরশীল।
১৯২১ সালে বান্টিং ও বেস্টের ইনসুলিন আবিষ্কারের পর রোগটির চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আসে। এরপর ইনসুলিন পেন, গ্লুকোমিটার, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এবং আধুনিক ঔষধের বিকাশে ডায়াবেটিস একটি নিয়ন্ত্রণযোগ্য দীর্ঘমেয়াদি রোগে পরিণত হয়েছে। তবে চিকিৎসা-প্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি বেড়েছে রোগীর সংখ্যাও। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২৪ সালে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ, আর ২০৫০ সালে তা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে।
এই বৃদ্ধির কিছু কারণ জানা গেছে, যেমন অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা ও বংশগতির ইতিহাস; আবার কিছু কারণ এখনো অজানা, যা জিনগত, নগরায়ণের চাপ ও পরিবেশগত প্রভাবের জটিল মিথস্ক্রিয়ার ফল। দীর্ঘস্থায়ী মানসিক চাপ হরমোনের ভারসাম্য নষ্ট করে, ঘুমের অভাব ও অনিয়মিত জীবনযাত্রা ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর সামাজিক বৈষম্য ও অর্থনৈতিক অনিশ্চয়তা স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ কমিয়ে দেয়। এ কারণে বাড়ছে ডায়াবেটিসের মতো মেটাবলিক ও হরমোনজনিত রোগ, যা সমগ্র সমাজের স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতির ওপর ক্রমবর্ধমান বোঝা তৈরি করছে।
প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। এই তারিখটি ইনসুলিনের সহ-আাবিষ্কারক স্যার ফ্রেডরিক বান্টিংয়ের জন্মদিন হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই দিবসটি ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২০০৬ সালে এটি জাতিসংঘের আনুষ্ঠানিক দিবসে পরিণত হয়।
আজ বিশ্ব ডায়াবেটিস দিবসে বাংলাদেশের সামনে প্রশ্ন একটাই—সচেতনতা ও প্রতিরোধে আমরা কতটা এগোলাম?


























