সাত নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়েই মূলত মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম।
তিনি বলেন, ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করেছিল। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু-কিশোর মেলার উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের মূল স্বপ্ন খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল। ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিপ্লবের মধ্য দিয়ে আবারও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করার সুযোগ তৈরি হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনের গুরুত্ব অপরিসীম।
বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হয়নি উল্লেখ করে আবদুস সালাম বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করেছিল শহীদ জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বিএনপি আজ আরও শক্তিশালী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ দেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছে। কারণ, জনগণ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ।


























