চট্টগ্রামের ফটিকছড়িতে মো. বেলাল উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত হওয়ার পর রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে এসে বাঁচার আকুতি জানান তিনি। এ ঘটনায় মো. আলম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেলাল উদ্দিন ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে আহত হওয়ার পর ‘ফটিকছড়ি সংলাপ’ নামে একটি ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি। এ সময় তাঁকে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানাতে দেখা যায়। লাইভের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুক লাইভে বেলাল উদ্দিন অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফটিকছড়ির উত্তর রাঙামাটিয়া এলাকার কসাই শামসুর এক ভাই তাঁকে ছুরিকাঘাত করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এ ঘটনায় মো. আলম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা হাদিনগর এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আহত বেলাল উদ্দিনকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন ব্যক্তিরা বলছেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগতভাবে মোকাবিলা করার সুযোগ রয়েছে। কিন্তু এভাবে ছুরিকাঘাত করে কাউকে আহত করার অধিকার কারও নেই। তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


























