লক্ষ্মীপুরের রায়পুরে মাছের আড়ৎ দখলকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বহিষ্কৃত নেতা মেহেদী কবিরাজ ও এবাদ উল্যাহ গাজীর অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাটে সাবেক কৃষক দল নেতা শামীম গাজীর মাছের আড়তে এ হামলার ঘটনা ঘটে। আহত ইমাম গাজীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শামীম গাজী অভিযোগ করেন, ফারুক কবিরাজের অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে তার বাবার ওপর হামলা চালিয়ে আড়ৎ দখলের চেষ্টা করেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























