ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রাখার হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে অভিযুক্ত নায়েবকে সাত দিনের মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত আবুল কালামকে প্রত্যাহার করে তদন্ত কমিটির মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও শারীরিক নির্যাতনের হুমকি কোনোভাবেই বরদাশত করা হবে না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার তথ্য সংগ্রহের সময় ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে নায়েব আবুল কালামের হাতে চার সাংবাদিক হেনস্তার শিকার হন।
























