ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সুস্থ, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। তিনি তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও হতাশার পথ থেকে ফিরিয়ে আনতে গান, কবিতা ও নাট্যচর্চায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ থিয়েটার’-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘কিউট নাট্য উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক আরও বলেন, একটি পরিপূর্ণ জীবন গঠনের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য। তিনি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের অবদানের কথা স্মরণ করে বলেন, পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার আব্দুল আজিজ। এছাড়া শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হারুন, একুশে পদকপ্রাপ্ত নাট্যকার লাকি এনাম এবং অভিনেতা কাসেমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





















