খুলনা অঞ্চল দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ ও শিল্পায়নের সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। অথচ খালিশপুর ও দৌলতপুরে শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু নিরবচ্ছিন্ন জ্বালানি বা গ্যাস সরবরাহের অভাবে কাঙ্ক্ষিত শিল্পায়ন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, রূপসার ৮৮০ মেগাওয়াট ও ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বিদ্যুৎকেন্দ্রগুলো শুধু জ্বালানি সংকটের কারণে অলস পড়ে আছে। এ সংকট দূর করে খুলনার বন্ধ থাকা শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খুলনা বিভাগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবনা নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন। এ অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন ও শিল্পায়নের সুযোগ থেকে বঞ্চিত। অথচ একসময় এ অঞ্চলের শিল্পের সুনাম ছিল। এখানকার পাটকলগুলো সারা বিশ্বে খুলনা বিভাগের নাম উজ্জ্বল করেছে এবং বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। কিন্তু প্রতিযোগিতায় টিকতে না পেরে এসব কল বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, এর কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, এখানে গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করা যায়নি। এ কারণে বাংলাদেশের মানচিত্রের পশ্চিম অংশ—উত্তর কিংবা দক্ষিণ—কীভাবে নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগের আওতায় আনা যায়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ গ্রহণের অনুপ্রেরণা পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তিনি ২০০৫ সালে ঘোষণা দিয়েছিলেন, ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস সংযোগ দিতে চান।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, খালিশপুর ও দৌলতপুরে শিল্পায়নের ব্যাপক সুযোগ থাকলেও শুধু জ্বালানি সরবরাহের অভাবে সেখানে শিল্পকারখানা গড়ে তোলা যাচ্ছে না। খুলনায় একটি স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠা করতে চায় সরকার। কিন্তু গ্যাস সংযোগ দিতে না পারলে এ অর্থনৈতিক অঞ্চল কার্যকর হবে না। যশোরের অভয়নগর ও নওয়াপাড়ায় যে বড় অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, সেখানেও একই সমস্যা রয়েছে।
তিনি আরও বলেন, রূপসায় ৮৮০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। অথচ ফ্যাসিবাদী সরকারের আমলে এ বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও এর জ্বালানি কোথা থেকে আসবে, সে বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে খুলনায় ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বিদ্যুৎকেন্দ্র জ্বালানি সরবরাহের অভাবে অলস পড়ে আছে। এ সম্পদ বাংলাদেশের জনগণের। তাই বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, মোংলা, খালিশপুর, দৌলতপুর, যশোরের অভয়নগর…

























