গাইবান্ধা শহরের একটি অনলাইন কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচি ঘিরে পোস্টার, ব্যানার ও লিফলেট তৈরির অভিযোগে মো. আশিকুর রহমান ইমন (৪৯) নামে এক গ্রাফিক্স ডিজাইনারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় জেলা পরিষদ মোড়সংলগ্ন ২ নম্বর রেলগেটের পাশে অবস্থিত রাইট ট্র্যাক অনলাইন কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের দাবি, আশিকুর রহমান ইমন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে প্রচারসামগ্রী তৈরি করে আসছিলেন। বিশেষ করে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী, শেখ হাসিনার জন্মদিন ও দেশে প্রত্যাবর্তনসহ বিভিন্ন কর্মসূচি ঘিরে পোস্টার, ব্যানার ও লিফলেট তৈরি করে অনলাইন মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট নেতাকর্মীদের কাছে পাঠিয়ে দিতেন তিনি।
পুলিশের দাবি, অভিযানে উদ্ধার করা প্রচারসামগ্রীর মধ্যে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, শেখ হাসিনার ৮০তম জন্মদিন এবং ২০২৬ সালের ডিসেম্বরে তার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে প্রচারণাসংক্রান্ত পোস্টার ও লিফলেট ছিল।
এ ঘটনায় ১৩ নভেম্বর গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৩(১)(ক)(ঘ), ২৩(২) ও ২৭ ধারায় মামলা করা হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কর্মসূচির প্রচারসামগ্রী তৈরির অভিযোগে আশিকুর রহমান ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করার পর তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
























