হলুদ গাউনে সমুদ্রপাড়ে ঝলমলে উপস্থিতি, সঙ্গে চার দেশের সুন্দরীদের নিয়ে বিশেষ ফটোফ্রেম! আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে নজর কাড়ছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৭৫তম আসর ঘিরে একের পর এক নতুন লুকে সামনে আসছেন তিনি।
সম্প্রতি সমুদ্রপাড়ের মনোরম পরিবেশে হলুদ রঙের ফ্লোর-টাচ গাউনে বিশেষ ফটোশুটে অংশ নেন মাহি। ফুল স্লিভের আকর্ষণীয় গাউনটির কোমরে ছিল পাথরের চমৎকার কারুকাজ। আর পোশাকের সঙ্গে যুক্ত সাদা স্যাশে স্পষ্টভাবে লেখা ছিল ‘বাংলাদেশ’। আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম তুলে ধরার এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে।
তবে শুধু একক ফটোশুটই নয়, চার দেশের সুন্দরীদের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েও আলোচনায় এসেছেন মাহি। তাঁর সঙ্গে ছিলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন। তাঁদের সঙ্গে তোলা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
নিজের অভিজ্ঞতা জানাতে পোস্টে মাহি লিখেছেন, মিস ইউনিভার্সের এই অসাধারণ ফটোশুটের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই তাঁর কাছে বিশেষ। জীবনের এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে তিনি ভীষণ কৃতজ্ঞ।
এদিকে প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্ত করতে দেশবাসীর কাছে অফিশিয়াল ফ্যান ভোটিংয়ে সমর্থন ও ভোট চেয়েছেন মাহি। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিস ইউনিভার্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের জন্য কতটা সাফল্য বয়ে আনতে পারেন সামিরা খান মাহি।

























