তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ৩১)-এ যোগ দিতে বর্তমানে তুরস্কের আনতালিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে তিন দিনের সরকারি সফরে রয়েছেন ডা. জুবাইদা রহমান। মধ্যাহ্নভোজে তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।


























