দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা হবে এবং এতে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতের অবকাঠামো ও জনবল ব্যবস্থাপনায় যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। অনেক হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও দক্ষ জনবলের অভাবে তা অব্যবহৃত পড়ে আছে, যা বর্তমান সরকার পরিবর্তনের কাজ শুরু করেছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতের অনিয়ম রোধে কঠোর নজরদারির কথাও পুনর্ব্যক্ত করেন।

























