শৈশবের দুরন্তপনা কেড়ে নিয়ে মরণব্যাধি ব্রেন টিউমার জেঁকে বসেছে ১৩ বছর বয়সী লামিয়া আক্তার সাদিয়ার ওপর। পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দী বন্দ্রমনি এলাকার বাসিন্দা লামিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তার পরিবার এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।
লামিয়ার পরিবার সূত্রে জানা যায়, গত এক বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তার বাবা বাবুল হোসেন মারা যান। বাবার চিকিৎসার পেছনে সব সহায়-সম্বল হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব। বর্তমানে লামিয়ার মা বিথী আক্তার তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কলেজ পড়ুয়া বড় ছেলের সামান্য আয়ে কোনোমতে সংসার চললেও লামিয়ার চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, লামিয়ার দ্রুত অপারেশনের জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। সন্তানের জীবন বাঁচাতে অসহায় মা সমাজের বিত্তবান ও সরকারের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

























