হবিগঞ্জের মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া-কাউছারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আনিসুল হক।
নিহতরা হলেন, কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩)। নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।
পুলিশ জানায়, একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি মাঝারি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ড ভ্যানে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। ওসি আনিসুল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























