সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে একটি ইকো রিসোর্টে গোপনে সভা করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার। শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হলেও সেখানে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
সভায় উপস্থিত থাকার অভিযোগে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
পুলিশ জানায়, আটক তারা মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেওয়া হয়। পরে সেখানে রণজিৎ সরকার এসে উপস্থিত হন এবং ব্যানার টাঙিয়ে বক্তব্য দিয়ে চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সভার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশাসন নড়েচড়ে বসে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সংশ্লিষ্ট নেতা দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা যায়।


























