আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল জামায়াত-শিবির শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবির আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে বরং এসব কর্মকাণ্ডকে স্বাভাবিক করার চেষ্টা করছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, অতীতে শিবিরের অনেকেই গুপ্তবেশে ছাত্রলীগের রাজনীতি করেছে, যা থেকে বোঝা যায় আওয়ামী লীগকে এই গুপ্ত রাজনীতির কৌশল জামায়াত-শিবিরই শিখিয়েছে।
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত-শিবির বর্তমানে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা দিয়ে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। তিনি মনে করেন, জামায়াত-শিবির মনে করছে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে বিএনপি সরকার দুর্বল হবে, যা তাদের রাজনৈতিক দর-কষাকষির সুযোগ বাড়িয়ে দেবে।


























