কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে নৃশংসভাবে হত্যার দায়ে একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন লক্ষ টাকা অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’-এর বিচারক মো: ইয়াসির আরাফাত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(২) ধারা অনুযায়ী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারা অনুযায়ী তাহমিনা বেগমকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী এড. সোহেল হোসেন, নিহতের স্বজন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর গ্রেপ্তার মো. মোবারক হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপরাধের কথা স্বীকার করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত আজ এই রায় প্রদান করলেন। রায় ঘোষণার পর নিহত সুমাইয়ার সহপাঠীরা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।


























