স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দেশে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সামাজিক অবস্থান নির্বিশেষে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার শ্রীলঙ্কার কলম্বোয় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মাতৃ ও নবজাতক মৃত্যুহার হ্রাস এবং টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। বিশেষ করে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকার কভারেজ ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশে উন্নীত করা হয়েছে এবং চলতি মাসেই তা শতভাগ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করে জিডিপির ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে, যা পর্যায়ক্রমে ৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ চলমান রয়েছে।
আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে তিনি বিমসটেকের আওতায় একটি আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ কেন্দ্র ও সতর্কবার্তা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। মহামারি ও জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপরও তিনি জোর দেন।
























