আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট জবাব দাবি করেন। তিনি বলেন, গেল কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অব্যাহতভাবে নাশকতামূলক কার্যক্রম চলছে, যা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।
পার্বত্য অঞ্চল ও সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, সন্ত্রাস দমনে গিয়ে আমাদের এক তরুণ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন এবং সাজেকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে হামলা ও নাশকতার তীব্র সমালোচনা করেন তিনি।
নিরাপত্তা বাহিনীর নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করে তিনি বলেন, এতগুলো ঘটনার পরও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। এই পরিস্থিতির দায় সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, রক্তের ওপর নতুন করে আর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে সুযোগ দেওয়া হবে না।

























