ঝিনাইদহে হরতালের সমর্থনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের কোনো একসময় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ মিছিল বের করা হয়। এ সময় হরতালের সমর্থনে ব্যানার হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা। সে সময় কয়েকটি ককটেলসদৃশ বিস্ফোরণের শব্দও শোনা যায়।
জানা গেছে, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে ২০ থেকে ২৫ জন কর্মী মিছিলে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তাঁদের কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। অধিকাংশের হাতে বাঁশের লাঠি দেখা যায়।
মিছিলের একটি ভিডিওতে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন মো. ফরহাদকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি হরতালের সমর্থনে ঝিনাইদহবাসীকে ঘরে থাকার এবং রাস্তায় যানবাহন না বের করার আহ্বান জানান।
এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানে শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের নামও উল্লেখ করা হয়।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, মিছিলের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মিছিলের ভিডিও পুরোনো সময়েরও হতে পারে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


























