বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্ব। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে আলোচনায় আসা ছবিটি প্রথম দিনের বক্স অফিস আয়েও বড় চমক দেখিয়েছে।
বাণিজ্য বিশ্লেষকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতে সব ভাষা মিলিয়ে প্রায় ৭৭ কোটি ৫০ লাখ রুপির ব্যবসা করেছে ‘রামায়ণ’। এর মধ্যে কেবল ভারতের অভ্যন্তরীণ বাজার থেকেই আয় এসেছে প্রায় ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। ব্যবসায়িক এই সাফল্যের সিংহভাগই এসেছে হিন্দি সংস্করণ থেকে।
ভাষাভিত্তিক আয়ের পরিসংখ্যানে দেখা যায়, হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে প্রায় ৪৭ কোটি ৫০ লাখ রুপি। এছাড়া কন্নড় সংস্করণে ৭ কোটি ২৫ লাখ, তেলুগুতে ৬ কোটি, তামিলে ২ কোটি ৬০ লাখ এবং মালয়ালম সংস্করণে দেড় কোটি রুপি আয় হয়েছে। অর্থাৎ মূল হিন্দি সংস্করণের পাশাপাশি আঞ্চলিক ভাষার সংস্করণগুলোও সিনেমাটির ব্যবসায় বড় ভূমিকা রাখছে।
প্রথম দিনে বিপুল ব্যবসা করলেও উদ্বোধনী আয়ের সর্বকালের কয়েকটি বড় রেকর্ড অবশ্য ভাঙতে পারেনি ‘রামায়ণ’। তবে শাহরুখ খানের ‘পাঠান’ (৫৭ কোটি), রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (৬৩ কোটি) এবং অজয় দেবগনের ‘দৃশ্যম ২’ (৬২ কোটি)-এর প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে ছবিটি।
রেকর্ডের তালিকায় এখনো শাহরুখ খানের ‘জওয়ান’ (৭৫ কোটি), রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ (১০২ কোটি) এবং প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ (৮৬ কোটি ৭৫ লাখ)-এর পেছনে রয়েছে নীতীশ তিওয়ারির এই ছবি।
তবে সামনে উৎসবের ছুটি থাকায় সিনেমাটির আয় আরও অনেক বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বাণিজ্য বিশ্লেষকরা। বিশেষ করে দীপাবলি ও ভাইফোঁটা উপলক্ষে দর্শক সমাগম বাড়লে বক্স অফিসে নতুন মাইলফলক স্পর্শ করতে পারে ‘রামায়ণ’।

























