চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ব্যক্তিগত সংকট এবং মনস্তাত্ত্বিক নানামুখী দিক ফুটিয়ে তোলায় বরাবরই প্রশংসিত অভিনেতা মনোজ বাজপেয়ী। তাঁর নতুন চলচ্চিত্র ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এ তেমনই এক জটিল চরিত্রে দেখা যাবে তাঁকে। বাড়ি ছাড়তে নারাজ এক শিক্ষকের জেদের পেছনে লুকিয়ে আছে প্রয়াত স্ত্রীর স্মৃতি, ভালোবাসা এবং দীর্ঘ জীবনের স্মৃতিগাথা। যোগেশ মিশ্র নামের এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই ভারতীয় অভিনেতা।
অরবিন্দ অডিগার একই নামের প্রশংসিত উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বেন রেখি। গল্পে দেখা যায়, মুম্বাইয়ের একটি আবাসন পুনর্নির্মাণ প্রকল্পের জন্য অধিবাসীদের বাড়ি ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলে পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ মিশ্র তাতে অসম্মতি জানান। কারণ বাড়িটির সঙ্গে তাঁর স্রেফ মালিকানার সম্পর্ক নয়, জড়িয়ে আছে জীবনসঙ্গীর স্মৃতি।
এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী বলেন, ‘আমি যেসব চরিত্রে অভিনয় করি সেগুলোর প্রতিটিই বেশ জটিল। “লাস্ট ম্যান ইন টাওয়ার” তার ব্যতিক্রম নয়। ছবির কেন্দ্রে থাকা যোগেশ মিশ্র নিজেও পুরোপুরি অনুধাবন করতে পারে না, কেন সে ঘরটি আঁকড়ে ধরে রাখতে চায়।’
মনোজের মতে, এমন চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে মনস্তাত্ত্বিক গতিপথ বোঝা জরুরি। এতে তাঁর নাটকের অভিজ্ঞতা, বই পড়ার অভ্যাস এবং গুরুদের শিক্ষা সহায়তা করে। ছবিতে মনোজের সঙ্গে আরও অভিনয় করেছেন বোমন ইরানী ও দিব্যা দত্ত। আগামী ৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

























