পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে করে হরিণের মাংস পাচারের সময় ২০ কেজি মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার বহেরাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মিরাজুল ইসলাম (৩৮)। এর মধ্যে মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতের কর্মী হিসেবে কর্মরত বলে জানা গেছে।
মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হৃদয় চাকলাদারের নেতৃত্বে একটি দল বহেরাতলা এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাংসসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


























