রাজধানীর কুর্মিটোলায় একটি মোটরসাইকেল বহর থেকে টহল পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে টহলরত পুলিশের গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, বনানীর দিক থেকে আসা একদল মোটরসাইকেল আরোহী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে কর্তব্যরত টহল গাড়ি লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করে। বিস্ফোরণে ক্যান্টনমেন্ট থানায় কর্মরত কনস্টেবল এনামুল বাঁ চোখে মারাত্মক আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।


























