নেপালের এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর সেগুলো বিধ্বস্ত হয়েছে। এতে এক ভারতীয় পর্যটক নিহত এবং নিউজিল্যান্ডের এক নাগরিক আহত হয়েছেন।
পুলিশের বরাਤੇ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। হিমালয় অঞ্চলের দেশ নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজেও ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে দেশটির দুর্গম ভূপ্রকৃতি এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে উড়োজাহাজ চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।
মঙ্গলবার সকালে সোলুখুম্বু জেলার একটি তুষারাবৃত স্থানে অবতরণের সময় ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনাস্টি পরিচালিত দুটি ছোট হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এরপর সেগুলো বিধ্বস্ত হয়। সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি এএফপিকে বলেন, ৪৭ বছর বয়সী ভারতীয় পর্যটক ঘটনাস্থলেই মারা গেছেন।
তিনি আরও জানান, আহত ৫৩ বছর বয়সী নিউজিল্যান্ডের নাগরিককে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির মরদেহও রাজধানী কাঠমান্ডুতে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে, এই দুর্ঘটনায় দুই হেলিকপ্টারের পাইলটই নিরাপদে বেঁচে গেছেন।
বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটির অবস্থান নেপালে। এসব পর্বতের মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট। প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে ভ্রমণ করেন।

























