রাজশাহীতে ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পোশাকশ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ও কনটেন্ট বানিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে নগরের কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকা থেকে বোয়ালিয়া থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মিজানুর রহমান দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের বাসিন্দা ও একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতির দায়িত্বে আছেন বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর মিজানুরের মুঠোফোন তল্লাশি করে তৈরি পোশাকশ্রমিকদের ওপর নির্যাতনের ভুয়া ছবি এবং নানা ধরনের উসকানিমূলক ডিজিটাল উপাদান উদ্ধার করা হয়েছে। এসব কনটেন্টের মাধ্যমে শ্রম অসন্তোষ তৈরি ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অপচেষ্টা চালানো হচ্ছিল।
পুলিশ আরও জানিয়েছে, মিজানুরের বিরুদ্ধে আগে থেকেই মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় দুটি মামলা রয়েছে। ভুয়া ছবি ও উসকানি ছড়ানোর নতুন ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
























