ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেসকো) তত্ত্বাবধানে প্রতিবছর ইতিহাস ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন শহরকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচন করা হয়।
এরই ধারাবাহিকতায় ২০২৭ সালের জন্য ইসলামি বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে মনোনীত হয়েছে কাজাখস্তানের তুর্কিস্তান শহর। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন।
এই উদ্যোগের অংশ হিসেবে আধ্যাত্মিক ঐক্য সংরক্ষণ এবং তুর্কি সভ্যতার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কাজাখস্তান বড় পরিসরে আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করেছে।
এসব আয়োজনের মধ্যে রয়েছে সাহিত্য ও ভাষাতত্ত্ববিষয়ক আন্তর্জাতিক ফোরাম। বিশিষ্ট সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ খাজা আহমদ ইয়াসাভির নামে এ ফোরামের নামকরণ করা হবে।
এ ছাড়া তুর্কি ও ইসলামি বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘর পেশাজীবীদের নিয়ে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
এর আগে তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থা (ওটিএস)-এর ১৩তম শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট তোকায়েভ তুর্কি জাতিগুলোর মধ্যে সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেছিলেন।
২০০৫ সালে মক্কা নগরী মুসলিম বিশ্বের প্রথম সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয়। পরবর্তীতে ঢাকা, মদিনা, বাগদাদসহ বিভিন্ন ঐতিহাসিক শহর এই মর্যাদা লাভ করে।

























