বগুড়ার শাজাহানপুরে নিজ গলায় ধারালো বঁটি চালিয়ে টুলু মিয়া (৫০) নামের এক কৃষিশ্রমিক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত টুলু মিয়া ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ৪০ দিন আগে তার স্ত্রী সৌদি আরবে পাড়ি জমান। তাদের দুই মেয়ে জেমি ও জুথি আক্তার বিবাহিত হওয়ায় টুলু মিয়া বাড়িতে অধিকাংশ সময় একাই থাকতেন। তবে বেশ কিছুদিন ধরে তীব্র পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। অসুস্থ বাবাকে দেখাশোনার জন্য ছোট মেয়ে জুথি আক্তার কয়েক দিন আগে বাবার বাড়ি আসেন। শুক্রবার টুলু মিয়াকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এবং বাড়িতে স্যালাইন দেওয়া হয়েছিল।
মেয়ে জুথি আক্তার জানান, শনিবার সকাল আটটার দিকে তার বাবা খাওয়ার জন্য পানি চান। তিনি পানি নিয়ে বাবার ঘরে গিয়ে দেখেন, বিছানায় রক্তাক্ত অবস্থায় বসে আছেন বাবা এবং পাশে একটি রক্তাক্ত বঁটি পড়ে রয়েছে। এ সময় টুলু মিয়া নিজেই নিজের গলা কেটেছেন বলে মেয়েকে জানান। পরে মেয়ের হাত থেকে গ্লাসের পানি পান করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে নিহতের মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।


























