প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যায় বড় ধরনের ধস নেমেছে। এবার সারাদেশে ১৩৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন, যেখানে গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি। সে হিসাবে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি।
অন্যদিকে, কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩টিতে। গত বছর এ তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র ও এসএমএসের মাধ্যমে ফলাফল উন্মুক্ত করা হয়।
ফলাফল বিশ্লেষণে জানা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন।
উল্লেখ্য, চলতি বছর দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হলেও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো গত ৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়।

























